দেশের খবর
স্বস্তি কি ক্ষণস্থায়ী? অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়াকে ফের নোটিস দিল্লি হাইকোর্টের।
ডিজিটাল ডেস্কঃ আবগারি দুর্নীতি মামলায় (Delhi liquor policy scam case) আবারও আইনি জাঁতাকলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। গত ২৭ ফেব্রুয়ারি নিম্ন আদালতের দেওয়া ‘ক্লিন চিট’-কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই (CBI)। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)-সহ মোট ২৩ জনকে নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট।
বিচারপতি স্বর্ণকান্তা শর্মার পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্ন আদালত (Trial Court) কেজরিওয়ালদের বেকসুর খালাস করার সময় সিবিআই এবং তাদের তদন্তকারী আধিকারিকদের নিয়ে যে বিরূপ মন্তব্য করেছিল, তার উপর স্থগিতাদেশ (Stay order) দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে সওয়াল করেন যে, সঠিক বিচার ছাড়াই নিম্ন আদালত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পর্যবেক্ষণের (Observation) কথা জানিয়েছে, যা বাস্তবিক ভাবে ভুল। এর পরেই হাইকোর্ট নির্দেশ দেয় যে, এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি (ED) সংক্রান্ত পিএমএলএ (PMLA) মামলার শুনানিও আপাতত স্থগিত রাখা উচিত।
উল্লেখ্য, রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court) জানিয়েছিল যে আবগারি নীতির পিছনে কোনও সামগ্রিক ষড়যন্ত্রের (Conspiracy) পোক্ত প্রমাণ মেলেনি। তবে হাইকোর্ট এখন সমস্ত অভিযুক্তদের অবস্থান (Position) জানতে চেয়েছে। ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। যদিও নিম্ন আদালতের খালাসের আদেশের উপর এখনই কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট, তবুও নোটিস জারির ফলে কেজরিওয়াল ও আপ শিবিরের দুশ্চিন্তা ফের বৃদ্ধি পেল।
