ভাইরাল খবর
বৈধ নথি দিলেও নিচ্ছে না কমিশন , শীর্ষ আদালতে সরব আইনজীবী মেনকা গুরুস্বামী
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) নিয়ে বিতর্ক এবার পৌঁছাল দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। সোমবার এই মামলার দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বিশিষ্ট আইনজীবী (Advocate) মেনকা গুরুস্বামী। তাঁর অভিযোগ, রাজ্যে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে। এমনকি, ভোটাররা তাঁদের স্বপক্ষে প্রামাণ্য নথি (Supporting Documents) জমা দিতে চাইলেও নির্বাচন কমিশন তা গ্রহণ করছে না।
প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে (Division Bench) মঙ্গলবার এই স্পর্শকাতর মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেনকা গুরুস্বামী আদালতে দাবি করেন, “বাংলায় এমন অনেক নাগরিক রয়েছেন যাঁদের নাম আগের তালিকায় ছিল, কিন্তু বর্তমান পরিমার্জন প্রক্রিয়ায় তাঁদের বাদ দেওয়া হয়েছে। তাঁরা পরিচয় প্রমাণ করতে চাইলেও কমিশন অসহযোগিতা করছে।” উল্লেখ্য, এই ইস্যুতেই ধর্মতলায় চার দিন ধরে ধরনায় (Sit-in protest) বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনার প্রথম দিনেই মঞ্চে উপস্থিত ছিলেন মেনকা, যাঁকে তৃণমূল আগামীতে রাজ্যসভায় (Rajya Sabha) পাঠাতে চলেছে।
বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ (Full Bench) কলকাতাতেই রয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাঝেই সুপ্রিম কোর্টে এই মামলা ওঠায় বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মঙ্গলবার আদালত যদি নথি গ্রহণের বিষয়ে কোনও কড়া নির্দেশ দেয়, তবে তা কমিশনের বর্তমান প্রক্রিয়ায় (Process) বড়সড় প্রভাব ফেলতে পারে।
