সীমান্তে স্থিতাবস্থার লক্ষ্যে ভারত-পাক ডিজিএমও বৈঠক, জল বিতর্কে অনড় ভারত
Connect with us

হামলা

সীমান্তে স্থিতাবস্থার লক্ষ্যে ভারত-পাক ডিজিএমও বৈঠক, জল বিতর্কে অনড় ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা পরবর্তী সময়ে সোমবার অনুষ্ঠিত হল ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে ডিজিএমও পর্যায়ের (DGMO-level) প্রথম আনুষ্ঠানিক আলোচনা। সূত্রের খবর, ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই (Lt Gen Rajeev Ghai) এবং পাকিস্তানি সেনার ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ (Maj Gen Kashif Abdullah)-র মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়।

আলোচনায় মূলত নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর গুলিবর্ষণ, অনুপ্রবেশ এবং যুদ্ধবিরতির শর্তাবলি মানা সংক্রান্ত বিষয়গুলি উঠে আসে। দুই দেশই সীমান্তে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে কিছু সামরিক বোঝাপড়ার (military understanding) কথা বলেছে বলে জানা গেছে। তবে কোনও লিখিত চুক্তি বা বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি। পাকিস্তান এই বৈঠকে সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) সংক্রান্ত ইস্যু তুলতে চাইলেও ভারত সেই প্রস্তাব নাকচ করে দেয়। দিল্লি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি হলেও জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত থেকে ভারত সরে আসবে না। তাই এদিনের বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়নি।

আরও পড়ুনঃ কাশ্মীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন, সীমান্ত বাদে খুলে গেল সমস্ত স্কুল-কলেজ

জানা গেছে, সোমবার দুপুর ১২টায় এই আলোচনা হওয়ার কথা থাকলেও তা শেষমেশ বিকেল ৫টা নাগাদ শুরু হয়। সূত্র অনুযায়ী, পাকিস্তান আলোচনাকে কিছুটা কূটনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার করতে চাইলেও, ভারত বরাবরের মতোই কৌশলী এবং কঠোর অবস্থান বজায় রেখেছে। ভারতের বিদেশমন্ত্রক আগেই জানিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদ এবং সীমান্ত লঙ্ঘন নিয়ে কূটনৈতিক সিদ্ধান্তগুলি অপরিবর্তিত থাকবে। যুদ্ধবিরতি কোনওভাবেই ভারতের কৌশলগত অবস্থানে বদল আনবে না।

Advertisement
ads

 যুদ্ধবিরতির পরেও ভারত দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিল, শান্তি আলোচনা একদিকে চললেও সিন্ধু জলচুক্তি নিয়ে তাদের কৌশলগত অবস্থানে কোনও পরিবর্তন আসবে না। আলোচনায় মূলত সীমান্তের নিরাপত্তা ও অস্ত্রবিরতি রক্ষা নিয়ে আলোচনা হলেও, পাকিস্তানের প্রস্তাবিত জলচুক্তির ইস্যু বাতিলই করে দিল ভারত।