উত্তর দিনাজপুর
প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত রিল প্রকাশের অভিযোগ! রায়গঞ্জ থানায় বিজেপির অভিযোগ, শুরু পুলিশি তদন্ত
ডিজিটাল ডেস্কঃ দিল্লির ছাত্র আন্দোলনের (Student Protest) আবহে একটি সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রাজনৈতিক বিতর্ক (Political Controversy) তৈরি হয়েছে। দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করেছে বিজেপি।
অভিযোগ অনুযায়ী, রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমরোল গ্রামের বাসিন্দা মালেক মহম্মদ একটি রিল (Reel) প্রকাশ করেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ও কটূক্তিমূলক মন্তব্য (Derogatory Remarks) করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ভিডিওটির সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ।
অভিযোগ, দিল্লির ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ওই রিলটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া (Reaction) দেখা দেয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয় আলোচনা।
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা (Legal Action) নেওয়ার দাবি জানানো হয়েছে। বিজেপির জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ (Social Media In-charge) অমিত সরকার রবিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দেন।
অমিত সরকারের বক্তব্য, একটি সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের আপত্তিকর ও অশালীন মন্তব্য গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তাঁর দাবি, এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং আইন অনুযায়ী বিচারযোগ্য অপরাধ। প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
অভিযোগকারীর আরও দাবি, অভিযুক্ত যুবক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং দলের একাধিক নেতার সঙ্গে তাঁর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ ধরনের মন্তব্যের নিন্দা করেছেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের অধিকার (Right to Expression) সকলের রয়েছে। তবে ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষার কোনও স্থান নেই। আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ থানার পুলিশ (Police) তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত মালেক মহম্মদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া (Response) পাওয়া যায়নি।
