দেশের খবর
লোহিত সাগরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা! হুথি হামলায় ডুবে গেল ভারতীয় জাহাজ
ডিজিটাল ডেস্কঃ ইয়েমেনের (Yemen) পশ্চিম উপকূল সংলগ্ন লোহিত সাগরে (Red Sea) ভয়াবহ ক্ষেপণাস্ত্র (Missile) হামলার শিকার হয়ে ডুবে গেল ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমএসভি ফাইজ নূরে আউলিয়া (MSV Faize Noore Oliya)। তবে স্বস্তির খবর, জাহাজে থাকা ১৪ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক।
জানা গিয়েছে, মঙ্গলবার হুথি (Houthi) নিয়ন্ত্রিত হুদেইদা (Hodeidah) বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটি হামলার মুখে পড়ে। অজ্ঞাত প্রজেক্টাইলের (Projectile) সরাসরি আঘাতে জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং পরে সম্পূর্ণভাবে সাগরে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান (Rescue Operation) শুরু করে ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (National Resistance Force) বা গার্ডস অব দ্য রিপাবলিক (Guards of the Republic)। কোস্ট গার্ড (Coast Guard) ও নৌবাহিনীর (Navy) যৌথ অভিযানে ১৪ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করে মোখা (Mocha) বন্দরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের (Commercial Vessel) উপর এমন হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। জাহাজটি ডুবে গেলেও সব নাবিক নিরাপদে রয়েছেন। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (Director General Maritime Administration-DGMA)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs-MEA) জানিয়েছে, রিয়াধে (Riyadh) অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy) গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধার হওয়া নাবিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কাজ চলছে।
ভারত সরকার জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন (International Law) মেনে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল (Freedom of Navigation) দ্রুত পুনরুদ্ধার করা জরুরি বলেও মত নয়াদিল্লির।
উল্লেখ্য, গত মাসে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকেই লোহিত সাগর এবং বাব এল-মান্দেব (Bab el-Mandeb) প্রণালীতে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথে ধারাবাহিক হামলার ফলে আন্তর্জাতিক বাণিজ্য (Global Trade), জ্বালানি পরিবহণ (Energy Supply) এবং সামুদ্রিক নিরাপত্তা (Maritime Security) নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
