দেশের খবর
তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য! গ্রেপ্তার তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন
ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে (Trisha Krishnan) উদ্দেশ্য করে ‘ডবল মিনিং’ (Double Meaning) মন্তব্য করার অভিযোগে তামিলনাড়ুর (Tamil Nadu) বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে (Udhayanidhi Stalin) গ্রেফতার করেছে পুলিশ। সংবাদসংস্থা পিটিআই (PTI)-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে চেন্নাইয়ের (Chennai) বাসভবন থেকে তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঞ্জাভুর ইস্ট থানার (Thanjavur East Police Station) পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita), তামিলনাড়ুর মহিলাদের হেনস্থা বিরোধী আইন এবং তথ্যপ্রযুক্তি আইন (Information Technology Act)-এর একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার তাঞ্জাভুরে ডিএমকে (DMK)-র কৃষক বিক্ষোভ (Farmers’ Protest) সভায়। কাবেরী (Cauvery) জলবণ্টন ইস্যুতে আয়োজিত ওই সভায় জনতার একাংশ ‘তৃষা, তৃষা’ স্লোগান দিতে শুরু করলে উদয়নিধির বিরুদ্ধে অভিনেত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে।
এরপর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (Joseph Vijay) দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK) পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনেও (National Commission for Women) অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতেই পুলিশ পদক্ষেপ নেয়।
উদয়নিধির গ্রেফতারির পর রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ডিএমকে সমর্থকরা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন। অন্যদিকে টিভিকে কর্মী-সমর্থকেরা উদয়নিধির মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
ডিএমকের প্রবীণ নেতা আর এস ভারতী (R.S. Bharathi) দাবি করেছেন, এই গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বক্তব্য, উদয়নিধি কোথাও তৃষার নাম উল্লেখ করেননি এবং আদালতের নির্দেশ উপেক্ষা করেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে টিভিকে নেতৃত্বের দাবি, নারীদের মর্যাদা রক্ষায় কঠোর আইনি পদক্ষেপ জরুরি। ঘটনার জেরে তামিলনাড়ুর রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
