দেশের খবর
‘অপারেশন মহাদেব’-এ বড় সাফল্য, পহেলগাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জঙ্গি খতম
ডিজিটাল ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) লিদওয়াস অঞ্চলে যৌথবাহিনীর পরিচালিত ‘অপারেশন মহাদেব’-এ খতম করা হল পহেলগাম গণহত্যায় (Pahalgam Massacre) জড়িত সন্দেহভাজন তিন পাকিস্তানি জঙ্গিকে (Terrorists Killed)। ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ মিলে এই অত্যন্ত গোপন অভিযান চালায় চিনার কোর (Chinar Corps)-এর নেতৃত্বে।
সেনাবাহিনীর সূত্রে খবর, রবিবার (Sunday) সকাল সাড়ে ১১টা নাগাদ ২৪ রাষ্ট্রীয় রাইফেল এবং ৪ প্যারা ইউনিটের একটি দল লিদওয়াসের ঘন জঙ্গলে জঙ্গিদের অবস্থান শনাক্ত করে। সংঘর্ষ শুরু হয় এবং মাত্র এক ঘণ্টার মধ্যেই তিন জঙ্গিকে নিকেশ করা হয়। অভিযানের সময় ড্রোন ফুটেজে তিনটি দেহ শনাক্ত হয়, যা নিশ্চিত করে তাদের মৃত্যু।
আরও পড়ুন – পহলগাম গণহত্যার প্রতিশোধ! মূল অভিযুক্ত হাসিম মুসাকে খতম করল ভারতীয় বাহিনী
গোয়েন্দা সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এই তিন জঙ্গি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা (LeT)-র সদস্য এবং এদের মধ্যে কেউ কেউ ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় (Baisaran Valley) ২৬ নিরীহ পর্যটককে হত্যা করার ঘটনায় সরাসরি জড়িত থাকতে পারে। ওই হামলার দায় স্বীকার করেছিল লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)।
দুই দিন আগে দাচিগাম অরণ্যে সন্দেহজনক রেডিও সিগন্যাল ধরা পড়ে। স্থানীয় চরদের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত নজরদারিতে নিশ্চিত হয় বাহিনী। এই তিন জঙ্গি একটি মাটির তৈরি অস্থায়ী বাঙ্কারে লুকিয়ে ছিল। ১৪ দিন ধরে তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল।
সেনা জানিয়েছে, অভিযান এখনও চলমান। ধ্বংস হওয়া মডিউলটি লস্কর ও জৈশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) একটি যৌথ নেটওয়ার্ক ছিল। ধারণা করা হচ্ছে, আরও জঙ্গি এখনও জঙ্গলে ছড়িয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
