অপারেশন সিঁদুর
যুদ্ধের আবহে সাহসের নজির, ১০ বছরের শ্রাবণকে কুর্নিশ সেনার
ডিজিটাল ডেস্কঃ পাঞ্জাবের (Punjab) ফিরোজপুর (Firozpur) সীমান্তে যখন যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনা, তখন ভারতীয় সেনা ব্যস্ত দেশের সুরক্ষা নিশ্চিত করতে। চারপাশে চরম গরম আর সূর্যের প্রখর তেজ—তবু সেনার অনুশীলনে কোনও ছেদ নেই। আর ঠিক এমন পরিস্থিতিতেই এক অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিল মাত্র ১০ বছরের এক বালক, শ্রাবণ সিং (Shravan Singh)।
ফিরোজপুর জেলার এক সীমান্তঘেঁষা গ্রামে কৃষক সোনা সিং (Sona Singh)-এর ছেলে শ্রাবণ দেশের জন্য সেনার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা থেকেই প্রতিদিন পৌঁছে দিচ্ছিল দুধ, লস্যি, ঠাণ্ডা জল ও আইসক্রিম। যুদ্ধের প্রস্তুতির মাঝে সেনাদের জন্য এই ছোট্ট শিশুর এমন সহযোগিতা নজর কাড়ে সকলের।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে মোদির সভা ঘিরে তৎপর চাকরিচ্যুতদের প্রতিনিধি দল
শুধু সাহস নয়, শ্রাবণের মধ্যে রয়েছে প্রবল দেশভক্তির বীজ। তার কথায়, “আমি ভয় পাইনি। বড় হয়ে ভারতীয় সেনায় (Indian Army) যোগ দিতে চাই। সেনার জন্য যা পেরেছি করেছি, ওনারাও আমাকে খুব ভালোবাসতেন।” তার এই সাহসিকতা ও সেনার প্রতি ভালোবাসার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ভারতীয় সেনার সপ্তম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, মেজর জেনারেল রাজীব সিং মানরাল (Major General Rajiv Singh Manral) একটি বিশেষ অনুষ্ঠানে শ্রাবণকে সম্মানিত করেন।
অনুষ্ঠানে শ্রাবণের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারক, কিছু খাবার এবং পছন্দের আইসক্রিম। শুধু সেনা নয়, গর্বিত শ্রাবণের পরিবারও। বাবা সোনা সিং জানিয়েছেন, “আমাদের গ্রামে সেনা মোতায়েন ছিল। রোদে তারা কাজ করতেন। শ্রাবণ প্রতিদিন ওদের জন্য কিছু না কিছু নিয়ে যেত। আমরা ওকে উৎসাহ দিয়েছি। আজ ওকে সেনা যেভাবে সম্মান জানাল, তাতে আমরা অত্যন্ত গর্বিত।”
যুদ্ধের উত্তাপের মধ্যেও এক শিশু কীভাবে দেশের জন্য সাহসের পরিচয় দিতে পারে, শ্রাবণ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার চোখে এখন একটাই স্বপ্ন—একদিন সে-ও সেনার পোশাক গায়ে দেশের সেবা করবে।
