দেশের খবর
দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণে তীব্র আপত্তি ঢাকার! হাসিনাকে ঘিরে নয়া দিল্লির কাছে জবাব চাইল বাংলাদেশ
ডিজিটাল ডেস্ক: আগামী ৫ আগস্ট দিল্লিতে (Delhi) আওয়ামী লিগ (Awami League)-সমর্থিত একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠককে ঘিরে নতুন করে কূটনৈতিক (Diplomatic) আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ভার্চুয়াল (Virtual) মাধ্যমে বক্তব্য রাখতে পারেন। এই সম্ভাবনাকেই কেন্দ্র করে ভারতের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে বাংলাদেশ।
সোমবার ঢাকায় সাংবাদিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনও পলাতক ব্যক্তি যদি রাজনৈতিক (Political) কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে তা ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক (Bilateral) সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর বক্তব্য, এই বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন এবং ঢাকা চায় না এই ইস্যু দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করুক।
সূত্রের খবর, ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব-এ আয়োজিত অনুষ্ঠানে ভিডিও (Video) বার্তার মাধ্যমে শেখ হাসিনা অংশ নিতে পারেন। এছাড়াও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy), বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (Mohibul Hasan Chowdhury Nowfel) এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (Bangladesh Human Rights Watch)-এর সাধারণ সম্পাদক মহম্মদ আলি সিদ্দিকীর উপস্থিত থাকার সম্ভাবনার কথাও জানা গিয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ভারতে অবস্থানরত কোনও পলাতক ব্যক্তি যদি বাংলাদেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে রাজনৈতিক বক্তব্য দেন, তবে তা দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের (High Commissioner) সঙ্গেও আলোচনা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি। যদিও ভারতীয় হাইকমিশনের বক্তব্য, বৈঠকে মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েই আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশে আগে থেকেই নিরাপত্তা (Security) জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিতে সম্ভাব্য এই ভার্চুয়াল ভাষণ ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।
