ধর্ম
হাসপাতালের জমিতে বেআইনি মাজার নির্মাণ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চলল বুলডোজার অভিযান
ডিজিটাল ডেস্কঃ দুন হাসপাতালের জমিতে বেআইনিভাবে নির্মিত মাজার শেষ পর্যন্ত গুঁড়িয়ে দিল প্রশাসন। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জমা পড়ার পরই তৎপর হয় দেরাদুন জেলা প্রশাসন। অভিযোগকারী ঋষিকেশের বাসিন্দা পঙ্কজ গুপ্ত স্পষ্ট জানান, সরকারি হাসপাতালের জমিতে ধর্মীয় নির্মাণ বেআইনি ভাবে গজিয়ে উঠছে।
অভিযোগের ভিত্তিতে দেরাদুনের জেলাশাসক দ্রুত তদন্তের নির্দেশ দেন। রাজস্ব দপ্তর, পুরসভা, পিডব্লিউডি ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে জমির মালিকানা সংক্রান্ত নথি পরীক্ষা করে দেখে, সেখানে কোনও ধরনের ধর্মীয় স্থাপনা নির্মাণের অনুমতি নেই।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে শুভেন্দু! নিহতের পরিবারকে আর্থিক সাহায্য বিরোধী দলনেতার
পরে মাজারের খাদিমকে নোটিশ পাঠানো হয় এবং হাসপাতালের তরফেও জানানো হয়, তাঁরা এই মাজার নির্মাণের অনুমতি দেয়নি। অভিযোগ ওঠে, মাজারকে ঘিরে জমিটি ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। এমনকি, আগেও হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার এই বেআইনি নির্মাণের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিল।
অবশেষে পুরসভা ও হাসপাতাল প্রশাসনের যৌথ অভিযানে বুলডোজার নামিয়ে পুরো অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনও স্থাপনা বরদাস্ত করা হবে না।
প্রশাসনের কড়া পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে, সরকারি জমি বাঁচাতে এমন তৎপরতা একান্ত প্রয়োজন ছিল।
