ভাইরাল খবর
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, দেহ লুকোতে ব্যবহার করা হলো সিমেন্টের ড্রাম
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের ইন্দিরা নগরে এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। নিজের প্রেমিকের সঙ্গে মিলিত হয়ে স্বামীকে হত্যা করেন এক নারী। এরপর দেহ টুকরো টুকরো করে একটি সিমেন্টের ড্রামে ভরে মুখ বন্ধ করে দেওয়া হয়। হত্যার পর অভিযুক্ত প্রেমিককে নিয়ে পাহাড়ে ঘুরতে যান ওই নারী।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সৌরভ রাজপুত (২৯) মার্চেন্ট নেভির কর্মী ছিলেন। ২০১৬ সালে মুসকান রাস্তোগির সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল। স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মুসকান সাহিল নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
আরও পড়ুনঃ গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, ৪০০-র বেশি ফিলিস্তিনির মৃত্যু
৪ মার্চ থেকে সৌরভ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে মুসকানের কাছে জানতে চাইলে তিনি বারবার বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিলেন। সন্দেহ বাড়তে থাকলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ সাহিল ও মুসকানকে জেরা শুরু করে। একপর্যায়ে তারা স্বীকার করে, ৪ মার্চ সৌরভকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। এরপর দেহ টুকরো টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে সিল করে দেওয়া হয়, যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে।
এরপরও মুসকান স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন এবং প্রেমিকের সঙ্গে পাহাড়ে ঘুরতে যান। পুলিশ ভাড়াবাড়ি থেকে দেহের খণ্ডাংশ উদ্ধার করে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নিহতের পরিবার।
