দেশ
রাস্তায় নামাজ পড়লে এফআইআর, বাতিল হতে পারে পাসপোর্ট ও লাইসেন্স
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের মেরঠে রাস্তায় নামাজ পড়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, এবার থেকে যদি কেউ প্রকাশ্য রাস্তায় নামাজ পড়তে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হতে পারে।
মেরঠের এসপি সিটি আয়ুশ বিক্রম জানিয়েছেন, ইতিমধ্যে স্থানীয় ধর্মীয় নেতা ও ইমামদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে, মসজিদের বাইরের কোনো জায়গায় যেন নামাজ না পড়া হয়। আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুনঃ আইপিএল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! চ্যাম্পিয়ন দল জানিয়ে দিলেন আইআইটি বাবা
গত বছর ইদের সময় রাস্তায় নামাজ পড়ার অভিযোগে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। এর মধ্যে ৮০ জনকে চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেয় প্রশাসন। এবার সেই ঘটনা এড়াতে বিশেষ নজরদারি চালানো হবে। সংবেদনশীল এলাকাগুলিতে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হবে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও কড়া নজর রাখবে পুলিশ, যাতে কোনো ধরনের গুজব বা উত্তেজনা ছড়াতে না পারে।
যদিও পুলিশের এই পদক্ষেপ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী প্রকাশ্যে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, “প্রশাসন রাস্তা খালি রাখার নিয়ম বলবৎ করতেই পারে, তবে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। পাসপোর্ট বাজেয়াপ্ত করার হুমকি দেওয়া ঠিক নয়।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আইন লঙ্ঘনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
