ঝগড়া জমলো বিষমদে! বন্ধুকে ‘স্পেশাল ড্রিংক’ খাওয়াল রুমমেট
Connect with us

খুন

ঝগড়া জমলো বিষমদে! বন্ধুকে ‘স্পেশাল ড্রিংক’ খাওয়াল রুমমেট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক বন্ধুর হাতে আরেক বন্ধুর নৃশংস হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। রান্না নিয়ে চলতে থাকা ঝগড়ার জেরে দেশি মদের সঙ্গে বিলিতি মদ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ উঠেছে রুম পার্টনারের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম নেত্রাম শর্মা (৩২), যিনি ফারুখাবাদের বাসিন্দা। মাসখানেক আগে তিনি গাজিয়াবাদের খোডা থানা এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সুধীর শর্মার সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু গত এক সপ্তাহ ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না, এমনকি সুধীরও নিখোঁজ ছিলেন।

২১ মার্চ প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ পান এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে নেত্রামের পচাগলা দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু হলো, তা স্পষ্ট না হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, ১৭ মার্চ সকালে সুধীর দরজা বন্ধ করে বেরিয়ে যান এবং আর ফেরেননি। সন্দেহ গাঢ় হতেই পুলিশ সুধীরকে খুঁজে বের করে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃSFI সদস্যের ওপর হামলা! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Advertisement
ads ads

পুলিশি জেরায় সুধীর খুনের কথা স্বীকার করেছেন। তিনি জানান, ১৫ মার্চ রান্না নিয়ে তাঁদের মধ্যে তুমুল ঝগড়া হয়। রান্নার তাপে ঘর গরম হয়ে উঠত, তাই নেত্রাম বাইরে থেকে খাবার আনিয়ে খেতে পছন্দ করতেন, আর সুধীর ঘরেই রান্না করতেন। যার কারনে প্রায়ই তাঁদের মধ্যে তর্ক হত। সুধীর দাবি করেন, নেত্রাম তাঁকে গালিগালাজ করেন, যা মেনে নিতে না পেরে তিনি একটি পরিকল্পনা করেন। সুধীর আগে থেকেই শুনেছিলেন যে দেশি মদের সঙ্গে বিদেশি মদ মিশিয়ে খেলে বিষক্রিয়া হতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সেই ‘কুবুদ্ধি’ কাজে লাগিয়ে ১৬ মার্চ রাতে তিনি নেত্রামকে মদ খাওয়ান।

পুলিশ জানায়, নেত্রাম বিষক্রিয়ায় বিছানায় লুটিয়ে পড়লে সুধীর তাঁকে চাদর দিয়ে ঢেকে দেন। পরে মৃত্যু নিশ্চিত হলে ১৭ মার্চ সকালে বাড়ি ছেড়ে পালিয়ে যান। ২৯ মার্চ পুলিশ সুধীরকে গ্রেপ্তার করে এবং পুরো ঘটনা সামনে আসে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।