দেশের খবর
‘অমানবিক ও অসাংবিধানিক’ – বুলডোজার অভিযানে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে দেশের সর্বোচ্চ আদালতে কড়া সমালোচনার মুখে পড়তে হলো উত্তরপ্রদেশ সরকার ও প্রয়াগরাজ প্রশাসনকে। বিচারপতি এএস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ জানায়, প্রশাসনের বুলডোজার অভিযান ‘অসাংবিধানিক’ এবং ‘অমানবিক’। আদালত জানায়, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
আদালতের রায়ে বলা হয়, “এই ঘটনাগুলি আমাদের বিবেককে নাড়া দেয়। আইন ও ন্যায়বিচারের ন্যূনতম শর্ত মানা হয়নি। আশ্রয়ের অধিকারও সংবিধানের ২১ অনুচ্ছেদের অন্তর্ভুক্ত।” আদালতের পর্যবেক্ষণে উঠে আসে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের এক ভাইরাল ভিডিও যেখানে দেখা যায়, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আর পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে তার কয়েকটি বই আঁকড়ে ধরে রেখেছে।
আরও পড়ুনঃ হুমকি ইমেল ঘিরে আতঙ্ক! কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! বের করা হল দর্শকদের
এর আগেও, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এক আইনজীবী, অধ্যাপক ও আরও কয়েকজনের বাড়ি ভাঙার জন্য উত্তরপ্রদেশ সরকারকে তিরস্কার করেছিল আদালত। ক্ষতিগ্রস্তরা জানান, নোটিশ দেওয়ার মাত্র একদিনের মধ্যে তাঁদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
২০২৩ সালে মৃত্যু হওয়া গ্যাংস্টার আতিক আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে ভুলবশত তাঁদের বাড়ি ভাঙার অভিযোগ ওঠে। আদালত প্রশাসনের এই ‘নির্বিচার’ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে জানায়, “এভাবে ভাঙচুর চালানো প্রশাসনের অসংবেদনশীলতা প্রকাশ করে।” আদালত নির্দেশ দেয়, ভবিষ্যতে কোনও বাড়ি ভাঙার আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
