আবহাওয়া
তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, হাওয়া বদলের আভাস রবিবার থেকে
ডিজিটাল ডেস্কঃ প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। টানা কয়েকদিন ধরে পারদ চড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে গরমের প্রকোপ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানাচ্ছে, কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি। কলকাতাতেও সকাল থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই উর্ধ্বমুখী।
শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও মুর্শিদাবাদে অস্বস্তি কমার সম্ভাবনা নেই বললেই চলে।
তবে রবিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার নাগাদ। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে আর্দ্রতা জনিত অস্বস্তির কিছুটা উপশম হতে পারে বলে আশা।
উত্তরবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যেই আকাশ মেঘলা, দার্জিলিং সহ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের গরমে আপাতত রেহাই নেই। স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে বাইরে বেরোনোর সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
