মালদা
খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগ বিক্ষোভ আদিবাসী মানুষজনের
হরিশচন্দ্রপুর, ১৭ জুন : জমি মাফিয়াদের কবল থেকে জমি উদ্ধারের দাবীতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।এদিন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হরিশচন্দ্রপুরে।জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গড়গড়ি মাঠটি সরকারি খতিয়ান অনুযায়ী বর্তমানে খাস জমি।
কিন্তু এলাকার কিছু সমাজ বিরোধী ও জমি মাফিয়াদের কবলে পড়ে এই খাস জমি অবৈধভাবে বিক্রি হয়ে যাচ্ছে। অনেকেই বিক্রীর পরে জমিটিকে ঘিরে দিচ্ছে। আবার কেউ গাছ লাগিয়ে সেখানে নিজের দখলদারী প্রমাণ করছে।ভূমি সংস্কার দপ্তর থেকে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের। সেকারণেই ওই জমিটি সরকারী কাজে ব্যবহার করার দাবী তুলেছেন তারা। কিংবা সেখানে আদিবাসী মানুষদের জন্য খেলার মাঠ নির্মাণ করার দাবী জানিয়েছেন তারা। ফলেবৃহস্পতিবার বাধ্য হয়ে খাস জমিতে অবৈধ নির্মাণ বন্ধ করতে তীর ধনুক হাতেই কয়েকশো আদিবাসী মানুষজন ওই মাঠে নেমে পড়ে। ভেঙে দেওয়া হয় সমস্ত অবৈধ নির্মাণ। কেটে ফেলা হয় অবৈধ ভাবে লাগানো গাছ। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে পুলিশবাহিনী ওই এলাকায় ছুটে যায়। কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে।এদিকে আদিবাসী বিক্ষোভের জেরে হরিশ্চন্দ্রপুর স্টেশন গ্রামের রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য।দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
