ভাইরাল খবর
যোগ্য-অযোগ্য তালিকার বিভ্রান্তি, রিভিউ চেয়ে এসএসসি ও সরকারের আবেদন
ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় কার্যত ঝড় বইয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের শিক্ষা মহলে। ওই রায়ের জেরে চাকরি হারাতে হয় প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীকে। কিন্তু এবার সেই রায় পুনর্বিবেচনার (Review Petition) জন্য উচ্চতম আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন (SSC)।
সূত্র অনুযায়ী, আগামী ৮ মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) এবং বিচারপতি সঞ্জয় কুমার (Justice Sanjay Kumar)-এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুনঃ নিট প্রশ্নফাঁস কাণ্ডে ২৬ এমবিবিএস ছাত্র বহিষ্কার, ১৪ জনের ভর্তি বাতিল
রিভিউ পিটিশনে রাজ্য ও এসএসসি স্পষ্টভাবে জানায়, নিয়োগের গোটা প্যানেল বাতিল না করে ‘যোগ্য’ (eligible) এবং ‘অযোগ্য’ (ineligible) প্রার্থীদের তালিকা আলাদাভাবে মূল্যায়ন করা সম্ভব ছিল। সেই মূল্যায়নের ভিত্তিতে শুধুমাত্র অযোগ্য প্রার্থীদের বাদ দিলেই ন্যায়বিচার হত বলে যুক্তি দেওয়া হয়েছে আবেদনে।
প্রসঙ্গত, শীর্ষ আদালতের আগের রায়ে নিয়োগ প্রক্রিয়ার “প্রাতিষ্ঠানিক দুর্নীতি” এবং ব্যাপক বেনিয়মের কথা তুলে ধরে পুরো প্যানেলকেই বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। তবে সেই রায়ের পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, কেন ‘যোগ্য’ প্রার্থীদের নির্দোষ প্রমাণ থাকা সত্ত্বেও তাদের চাকরি হারাতে হলো।
চাকরি হারানো শিক্ষকদের একাংশের এখন একটাই ভরসা—৮ মে শুনানিতে শীর্ষ আদালত কি নতুন আশার আলো দেখাবে?
