ভাইরাল খবর
শিক্ষক নিয়োগ মামলায় বয়সছাড়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ডিজিটাল ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলা (SSC Case) ঘিরে ফের গুরুত্বপূর্ণ মোড়। চাকরিহারাদের বয়সে ছাড় সংক্রান্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আপাতত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যোগ্য হলেও যাঁরা ২০১৬ সালের পরীক্ষায় (SSC Recruitment 2016) অংশ নেননি বা পাশ করেননি, তাঁদের বয়সে ছাড় দেওয়ার কোনও সর্বজনীন নির্দেশ আদালত দেয়নি। এই যুক্তিতেই হাইকোর্টের বয়সছাড় সংক্রান্ত রায় আপাতত কার্যকর হবে না বলে জানানো হয়। পাশাপাশি মামলার সব পক্ষকে নোটিস (Notice) পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি হবে মার্চ মাসে (March Hearing)।
উল্লেখ্য, ২০১৬ সালের শিক্ষক-অশিক্ষক নিয়োগে দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করেছিল। এর জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। পরে শূন্যপদে নতুন করে নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই প্রক্রিয়ায় ‘দাগি’ নন এমন প্রার্থীদের বয়সে ছাড় (Age Relaxation) মিলবে বলে আগেই জানানো হয়েছিল।
তবে হাইকোর্ট নতুন কিছু প্রার্থীকেও বয়সছাড় দেওয়ার নির্দেশ দেওয়ায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা হয় এবং আপাতত সেই নির্দেশে স্থগিতাদেশ জারি হল।


