ধর্ম
দিঘায় প্রথম রথযাত্রা উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রস্তুতিতে কড়া নজর প্রশাসনের
ডিজিটাল ডেস্কঃ সৈকত শহর দিঘার জগন্নাথ মন্দিরে এবারের রথযাত্রা (Rath Yatra 2025) হতে চলেছে ঐতিহাসিক। কারণ এই প্রথমবারের মতো দিঘায় আয়োজিত রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বুধবারই দিঘায় পা রাখার কথা তাঁর। বৃহস্পতিবার অংশ নিতে পারেন ‘নেত্র উৎসবে’।
দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে (Jagannath Temple, Digha) রথযাত্রাকে কেন্দ্র করে শুরু হয়েছে ভক্তদের ঢল। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, উদ্বোধনের পর থেকে ইতিমধ্যেই ৩০ লক্ষেরও বেশি দর্শনার্থী ঘুরে গিয়েছেন এখানে। আগামী ২৭ জুন রথের দিন জনসমাগম ছাড়াতে পারে ২ লক্ষের বেশি, জানালেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস (Radharaman Das)। রাজ্য সরকারের উচ্চপর্যায়ের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে দিঘায় পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar)।
আরও পড়ুনঃ বাংলা ভাষায় কথা বলায় উত্তর দিনাজপুরের মানুষ আটক! রাজস্থানে নয়া বিতর্কে তেতে উঠলেন মমতা
পর্যটকদের সুরক্ষায় নেওয়া হয়েছে আঁটসাঁট ব্যবস্থা। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তৈরি হচ্ছে চারটি ওয়াচ টাওয়ার। এমনকি হোটেল ভাড়ার চার্ট প্রদর্শন বাধ্যতামূলক করেছে প্রশাসন। রথযাত্রার দিন মুখ্যমন্ত্রী ‘সোনার ঝাঁটা’ দিয়ে ঝাঁট দেবেন, তারপরেই গড়াবে রথচাকা। দিঘার নতুন মন্দির থেকে ১১৬-বি জাতীয় সড়ক ধরে বলরাম, সুভদ্রা ও জগন্নাথের রথ যাবে পুরনো মন্দির অর্থাৎ মাসির বাড়ি পর্যন্ত।
ভক্তদের জন্য রথে বেঁধে দেওয়া হয়েছে লম্বা রশি, যাতে সকলে টানার সুযোগ পান। রথের মোড় ঘোরানো নিয়ে যেন কোনও সমস্যা না হয়, তা খতিয়ে দেখতে দু’বার পরীক্ষামূলকভাবে রথ টানা হয়েছে। নিরাপত্তা ও ধর্মীয় আবহ— দুই মিলিয়ে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। এবার দিঘার রথযাত্রা ঘিরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস।
