রাজনীতি
সরকারি টাকায় রথযাত্রা! মুখ্যমন্ত্রীর ভাবনায় ভোট, কটাক্ষ দিলীপ ঘোষের
ডিজিটাল ডেস্কঃ দিঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধনের পর প্রথমবারের জন্য রথযাত্রা পালিত হতে চলেছে রাজ্য সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও অর্থে। সরকারি উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে উপকূল শহরে জাঁকজমকের শেষ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিঘায় এবং গোটা রথ উৎসবের তদারকির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন। দিঘা জুড়ে উৎসবের আবহ, হোটেলগুলিতে পর্যটকের ভিড়ে উপচে পড়ছে শহর।
এই পরিস্থিতিতেই বুধবার মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মন্তব্য, “রথযাত্রা করলেই ভোট পাওয়া যাবে, এমন কোনও গ্যারান্টি নেই।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “৬০০ বছর ধরে রথযাত্রা হচ্ছে দেশে। আগে কখনও কি সরকারিভাবে এত ঢাকঢোল পিটিয়ে হয়েছে?”
আরও পড়ুনঃ সম্পর্কের জল্পনা ভাঙলেন এষা, হার্দিক পাণ্ডিয়া নিয়ে জানালেন সব
দিলীপ ঘোষ আরও বলেন, “দেখে মনে হচ্ছে এটাই প্রথম রথযাত্রা। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং আসন্ন নির্বাচনের প্রচারে নামতেই এই উৎসবকে হাতিয়ার করা হচ্ছে।” তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরাতে রথযাত্রাকে কাজে লাগাচ্ছেন। বলেন, “চাকরিহারারা রাস্তায় বসে আছেন, তাঁদের পাশে দাঁড়ানোর সময় নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ অনিশ্চিত। অথচ প্রশাসন ব্যস্ত রথযাত্রা ঘিরে কার্নিভাল করতে।”
২০২৬ সালের নির্বাচনের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের উৎসবের মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে কটাক্ষ করেন বিজেপি সাংসদ। রাজ্য প্রশাসনের এই ব্যবহারকেই “উন্নয়নের পরিবর্তে উৎসবমুখিতা” বলে ব্যাখ্যা করেন তিনি।
