কলকাতা
দুর্নীতি মামলায় বড় মোড়: ডিভিশন বেঞ্চ থেকে সরে গেলেন বিচারপতি সৌমেন সেন
ডিজিটাল ডেস্কঃ সোমবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) হওয়ার কথা ছিল ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার (WB Primary Recruitment Case) গুরুত্বপূর্ণ শুনানি। তবে, মামলার অন্যতম বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen) ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে এই মামলার শুনানি থেকে সরিয়ে নেওয়ায়, আপাতত শুনানি স্থগিত হয়ে গেল। ফলে ডিভিশন বেঞ্চের অধীনে থাকা মামলাটি বাতিল হয়ে যায় এবং এটি নতুন বেঞ্চ নির্ধারণের জন্য প্রধান বিচারপতির (Chief Justice T S Sivagnanam) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই মামলাটি নিয়ে রাজ্যের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। কারণ, অতীতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় ৩৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করে। এদিকে, একই প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিং ৪২ হাজারের বেশি প্রার্থী নিয়ে তৈরি প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, তবে সেই মামলায় সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে।
আরও পড়ুনঃ এসএসসি-র পর প্রাথমিক নিয়োগেও ‘বোমা’, আদালতে আজ তপ্ত শুনানি
২০১৪ সালে অনুষ্ঠিত টেট পরীক্ষায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী পাশ করেছিলেন, যার ভিত্তিতে ২০১৬ সালে ৪২,৯৪৯ জনকে নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় হাইকোর্টে মামলা হয়। সেই মামলার রায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘‘এই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। ঢাকি-সমেত বিসর্জন দিয়ে দেব।’’ এর জেরেই বাতিল হয়েছিল প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি।
এই প্রেক্ষাপটে, এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখায় প্রাথমিক মামলার শুনানি ঘিরেও চরম উৎকণ্ঠা ছিল। তবে বিচারপতি সৌমেন সেনের সরে দাঁড়ানোর ফলে আপাতত মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে নতুন বেঞ্চ গঠনের পর।
