ডিজিটাল ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এবার কলকাতা হাইকোর্টে উঠছে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি। যার পরিণামে আরও প্রায় ৬০ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।
আদালত সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার এই মামলার শুনানি হবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। পাশাপাশি, মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে শুনানি হতে পারে বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। এর আগে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগে ৩৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। আজ সেই মামলারই গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে।
আরও পড়ুনঃ চাকরিহারা ইস্যুতে উত্তপ্ত কলকাতা, একদিকে মমতার সভা, অন্যদিকে বিজেপির ‘কালীঘাট চলো’
তাছাড়া অভিযোগ রয়েছে, যেমন ২০১৬ সালের এসএসসির ওএমআর শিট নিয়ে অনিয়ম ধরা পড়েছিল, তেমনই ২০১৪ সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষার একাধিক নথিও গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই মামলার শুনানিও নির্ধারিত রয়েছে আজ, সিঙ্গল বেঞ্চে। অপর একটি মামলায় ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
সব মিলিয়ে, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে হতে চলেছে। মামলাগুলির রায় যে কয়েক হাজার চাকরির ভবিষ্যৎ নির্ধারণ করবে, তা নিয়ে সংশয় নেই। ফলে আদালতের রায়ের দিকে নজর রয়েছে রাজ্যের শিক্ষক মহল, প্রশাসন ও রাজনৈতিক মহলের।