ভাইরাল খবর
ছাত্র নির্বাচন নিয়ে রাজ্যের ব্যাখ্যা চাইল হাই কোর্ট, ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলে বন্ধ থাকবে স্টুডেন্ট ইউনিয়ন রুম। এমনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌমেন সেন (Soumen Sen) ও বিচারপতি স্মিতা দাস দে (Smita Das De)-র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রেজিস্ট্রারের অনুমতি ছাড়া কোনও ইউনিয়ন রুম খোলা যাবে না। তবে এই নির্দেশ আপাতত সাউথ ক্যালকাটা ল কলেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
সাম্প্রতিক কসবা ল কলেজ গণধর্ষণ কাণ্ড ঘিরে ছাত্র ভোট ও ইউনিয়ন নিয়ন্ত্রণ নিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে। মামলাকারীর আইনজীবী যুক্তি দেন, উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যেই হলফনামা দিয়ে স্বীকার করেছে, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন হয়নি। তাহলে ছাত্র সংসদ না থাকলে ইউনিয়ন রুম চালু রাখার যৌক্তিকতা কী? সেই যুক্তি মেনে আদালত নির্দেশ দেয়, ছাত্র সংসদ না হলে সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দিতে হবে।
হাই কোর্টের নির্দেশ, রুম তালা ঝুলিয়ে রাখতে হবে এবং কোনও ব্যক্তিগত বা রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না। একমাত্র জরুরি প্রয়োজনে রেজিস্ট্রারের লিখিত অনুমতি নিয়ে খুলতে হবে রুম।
আরও পড়ুনঃ উর্দির আড়ালে ভয়ঙ্কর নাটক! পুলিশের ছদ্মবেশে ঘুরে বেড়ানো যুবক ধরা পড়ল পুলিশের হাতেই
বিচারপতিরা আরও জানতে চান, রাজ্য সরকার আদৌ ছাত্র ভোট নিয়ে কী ভাবছে। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে সেই বিষয়ে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্যকে।
প্রসঙ্গত, ২০১৭ সালের পর রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৪-এর পুজোর পর হতে পারে ভোট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, সরকার ভোট করাতে আগ্রহী। তবে বিরোধী ছাত্র সংগঠনগুলির অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে ভোট আটকে রেখেছে।
হাই কোর্টের কড়া অবস্থানে এবার নড়েচড়ে বসতে বাধ্য রাজ্য প্রশাসন— এমনটাই মত শিক্ষামহলের।
