আবহাওয়া
বঙ্গোপসাগরের বাষ্পে রক্ষা বাংলার! তাপপ্রবাহ থেকে আপাতত স্বস্তি
ডিজিটাল ডেস্কঃ চৈত্র মাস এখনও ফুরোয়নি, আর এরই মধ্যে আগাম হাজির বৈশাখের দাবদাহ! সকাল থেকে তীব্র রোদ, বেলা বাড়তেই মেঘলা আকাশ আর ভ্যাপসা গরমে নাজেহাল আমজনতা। রাজ্যের অধিকাংশ জায়গায় দিনভর ঘর্মাক্ত অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছে পথচলতি মানুষকে। প্রশ্ন একটাই—এই খরতাপ থেকে কবে মিলবে মুক্তি?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এই মুহূর্তে খুব একটা স্বস্তির খবর নেই। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, সেই সময়ে পশ্চিমের কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের মধ্য-দক্ষিণ অংশে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তা আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে এগোবে।
ক্রমশ আগুন ছড়াতে শুরু করেছে মধ্য ভারতের মালভূমি অঞ্চল। সেই দিক থেকে আগত শুকনো, উষ্ণ হাওয়া যে কোনও দিন ঢুকে পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে এখনই পুরোপুরি তেতে ওঠেনি বাংলা। কারণ, এখনও পর্যন্ত রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে রয়েছে বঙ্গোপসাগর। সেখান থেকে ক্রমাগত ঢুকছে জলীয় বাষ্প। আর সেটাই আপাতত ঠেকিয়ে রেখেছে রাজ্যের উপর অতিরিক্ত তাপপ্রবাহের হানা।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের দক্ষিণে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং বিহার থেকে তেলঙ্গানা পর্যন্ত অন্য একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে পূর্ব ভারতের আবহাওয়ায়ও। ওডিশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গের বাতাসে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার জেরে এখনই বাংলায় তাপপ্রবাহ দেখা দেয়নি।
তবে স্বস্তির এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, ২০২৫ সালের গ্রীষ্মেও ২০২৪–এর মতো ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিতে পারে। ইতিমধ্যেই মধ্য ভারতের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। প্রয়াগরাজে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম দিক থেকে আসা হাওয়া যখন বাংলায় ঢোকে, তখন তা সাধারণত অত্যন্ত গরম ও শুকনো হয়ে থাকে। তবে, মার্চের শেষ সপ্তাহ থেকে বঙ্গোপসাগরের উপর একের পর এক আবহাওয়া কাঠামো তৈরি হওয়ায় পূর্ব উপকূল দিয়ে প্রবল জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। যার প্রভাবে এ রাজ্যে এখনও পর্যন্ত বড় কোনও গরমের দাপট চোখে পড়েনি। মার্চে মাত্র দু’দিন — ১৬ ও ২৮ তারিখ — তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে।
আবহাওয়াবিদদের মত, যত দিন এই জলীয় বাষ্পের প্রবাহ অব্যাহত থাকবে, তত দিন তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে বাংলা। তবে জলীয় বাষ্পের প্রভাব কমলেই পরিস্থিতি বদলে যেতে পারে, এমনটাই আশঙ্কা। ফলে গরমের হাত থেকে সম্পূর্ণ রেহাই নয়, আপাতত সাময়িক স্বস্তিতে রয়েছে বাংলা।
