ডিজিটাল ডেস্কঃ ভোটের ঢাক এখনও না বাজলেও, রাজ্যে ভোটার তালিকা (Voter List) নিয়ে শুরু হয়ে গেছে তুমুল রাজনৈতিক চাপানউতোর। এবার সরাসরি নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অভিযোগ, কমিশন বিজেপির হয়ে কাজ করছে, আর প্রশাসনিক কর্মীদের ভয় দেখিয়ে ভোটের আগে রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের দুই ERO (Electoral Registration Officer) ও দুই সহকারী ERO-কে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ফৌজদারি মামলা (Criminal Case) রুজুর নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ব্রহ্মস ও ড্রোনে আরও শক্তিশালী ভারত, ৬৭ হাজার কোটির চুক্তিতে প্রতিরক্ষায় বড় সিদ্ধান্ত
এই সিদ্ধান্ত ঘিরে বুধবার ঝাড়গ্রামের সভা থেকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভোট এখনও আট মাস বাকি। আর এখন থেকেই অফিসারদের ভয় দেখানো হচ্ছে! অমিত শাহের দালালি করে কমিশন কাজ করছে।” তিনি দাবি করেন, এটা প্রশাসনের উপর সরাসরি চাপ তৈরি করার চেষ্টা। ভোটের আগে রাজ্য সরকারের পরিকাঠামো দুর্বল করতে ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ।
মমতার অভিযোগ, “বাংলার ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এটা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সারা বিশ্ব ঘুরে বেড়িয়ে নির্বাচন কমিশনের মুখোশ খুলে দেব।”
তিনি আরও বলেন, প্রশাসনের কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। “আপনাদের পাশে আমি আছি। ওরা দু’মাসের বসন্তের কোকিল। আসবে আর চলে যাবে। বাংলার মানুষ ওদের চিনে গেছে।”
রাজনৈতিক মহলের মতে, এ বক্তব্য ভোটের আগে রাজ্য বনাম কেন্দ্র দ্বন্দ্বকে আরও উসকে দিল।