ভাইরাল খবর
৩৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ! হাইকোর্ট থেকে মিঠুনকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রেহাই
ডিজিটাল ডেস্কঃ চিৎপুর থানায় দায়ের হওয়া প্রতারণা মামলায় আপাত স্বস্তি পেলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না কলকাতা পুলিশ (Kolkata Police)। বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Jay Sengupta) এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ৩ সেপ্টেম্বর।
এই মামলার সূত্রপাত মিঠুনের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুমন রায়চৌধুরী ও তাঁর স্ত্রী-র দায়ের করা অভিযোগের ভিত্তিতে। তাঁদের দাবি, মিঠুন ও তাঁর আইনজীবী বিমান সরকার এক হোটেলের ইন্টেরিয়র ডিজাইনের দায়িত্ব দেন সুমনকে। প্রাথমিক পর্যায়ের কাজের জন্য পারিশ্রমিক মিললেও, অভিযোগ, অতিরিক্ত কাজ করিয়ে পরে সেই টাকা আর মিটিয়ে দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ কমিশনের সাসপেনশন সিদ্ধান্তে ক্ষোভ, নির্বাচনী সংঘাতের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর মুখে
সুমনের স্ত্রী জানান, কাজ চালিয়ে যেতে গিয়ে তাঁদের ব্যক্তিগত গয়না বন্ধক রাখতে হয়েছিল। তাঁদের দাবি অনুযায়ী, প্রায় ৩৫ লক্ষ টাকার দেনা রয়েছে মিঠুনের কাছে। সেই টাকা ফেরত চাইতে গেলে নাকি অপমানের মুখে পড়তে হয় সুমনের স্ত্রীকে। এর পরেই তাঁরা চিৎপুর থানায় (Chitpur Police Station) প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগ খারিজের আর্জি নিয়েই মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানেই বিচারপতির মন্তব্য, তদন্ত চললেও এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
তবে তদন্ত প্রক্রিয়া থেমে থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। সেইসঙ্গে অভিযোগকারিণীও ইতিমধ্যেই শিয়ালদহ আদালতে এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি (Section 164 Statement) দিয়েছেন বলে জানা গিয়েছে।
