উত্তর দিনাজপুর
ভিন রাজ্যের এক ভবঘুরে ব্যক্তিকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন অ্যাম্বুলেন্স চালকেরা
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৪ ফেব্রুয়ারি : ভিন রাজ্যের এক ভবঘুরে ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন ইটাহার গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকেরা। রবিবার ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তর ও ইটাহার থানার অনুমতি নিয়ে অ্যাম্বুলেন্সের চালকেরা ওই ব্যক্তিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত ইটাহারবাসি।
উল্লেখ্য, ভিন রাজ্যের এক ভবঘুরে ব্যক্তিকে কয়েকমাস আগে ইটাহার হাসপাতাল চত্বরে মানসিকভাবে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকেরা। প্রাথমিকভাবে সেই ব্যক্তিকে চিকিৎসার পর হাসপাতালের এক কোয়াটারে থাকার ব্যবস্থা করা সহ তার খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত করেন ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক মনু গোড়া ফেবরিট এক্কা সহ অ্যাম্বুলেন্সের চালকেরা। এখানে দীর্ঘদিন যাবৎ থাকার ফলে ধীরে ধীরে ওই ব্যক্তি খানিকটা সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে ওই ব্যক্তির ব্যাগে থাকা একটি কাগজ থেকে তার পরিচয় ও ঠিকানা জানতে পারেন অ্যাম্বুলেন্সের চালকেরা। জানা যায়, রামবাবু পাশোয়ান নামে ওই ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী বিহার রাজ্যের সমস্তিপুর জেলার হাসানপুর থানার আওরা এলাকায়। ভুল করে ইটাহারে চলে আসেন তিনি। বেশ কয়েক মাস ধরে হাসপাতাল চত্বরে থাকতে-থাকতে সকলের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে রামবাবুর। রামবাবুর অনুরোধে অ্যাম্বুলেন্সের চালকদের উদ্যোগে ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তর ও ইটাহার থানার অনুমতি নিয়ে তাকে গাড়ি করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত ইটাহারবাসি। তবে বাড়ি ফিরে যাওয়ার কথা শুনে খুশি রামবাবুও।
