উত্তর দিনাজপুর
প্রধানের স্বাক্ষর জাল করে জন্ম শংসাপত্র করে দেওয়ার অভিযোগ। আটক অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৯ মার্চ : গ্রাম পঞ্চায়েত প্রধানের সই জাল করে জন্ম শংসাপত্র করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদে।
ধৃতের নাম রাকেশ দাস (২৬)। সে মধ্য কাশেমপুর এলাকার বাসিন্দা। জানা যায়, অভিযুক্ত যুবক বহুদিন থেকেই হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বাক্ষর জাল করে হেমতাবাদের কিস্মতসিমলা, শেখপুরা সহ বিভিন্ন এলাকার মানুষদের থেকে টাকা নিয়ে তাঁদের জাল জন্ম শংসাপত্র করে দিত বলে অভিযোগ।
বৃহস্পতিবার এমনই এক শংসাপত্র প্রধানের কাছে এলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই প্রধান তদন্ত করে অভিযুক্ত যুবকের নাম জানতে পারে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ওই যুবককে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়।
