ভাইরাল খবর
বন্দুক দেখিয়ে লটারির কোটি টাকা ছিনতাই! গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র
ডিজিটাল ডেস্কঃ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক (Former MLA) নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে (Tirthankar Ghosh) গ্রেফতার করল খড়দহ থানার (Khardah Police Station) পুলিশ। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর (Dakshineswar)-এর একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সোমবার তাঁকে ব্যারাকপুর আদালতে (Barrackpore Court) পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence)-সহ একাধিক গুরুতর মামলার অভিযোগ রয়েছে। এছাড়াও, এক গাড়িচালকের (Driver) লটারিতে (Lottery) জেতা এক কোটি টাকার পুরস্কার আত্মসাৎ, মারধর এবং আগ্নেয়াস্ত্র (Firearm) দেখিয়ে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, হুগলির মগরার বাসিন্দা পার্থ সরকার নামে এক ব্যক্তি লটারিতে এক কোটি টাকা জেতার পর তাঁকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষ এবং অন্য কয়েকজন মিলে তাঁকে মারধর করে লটারির টিকিট কেড়ে নেন বলে অভিযোগ। ঘটনায় হোটেল মালিক সুশান্ত সরকার এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত দাসকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তীর্থঙ্কর ঘোষ গা-ঢাকা দিয়ে ছিলেন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করে ঘটনার সঙ্গে আর কারা জড়িত, আত্মসাৎ হওয়া টাকার হদিশ এবং অভিযোগের অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাঁর ১০ দিনের হেফাজতের (Police Custody) আবেদন জানাতে পারে।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ। তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। অন্যদিকে, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও তোলাবাজি (Extortion), জমি দখল, প্রতারণা (Fraud) এবং ভয় দেখানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি তাঁকে একটি রাজনৈতিক বৈঠকে দেখা যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছিল। এবার তাঁর ছেলের গ্রেফতারিকে ঘিরেও নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
