হাই কোর্ট
রটউইলার হেনরিকে চাই-ই চাই! প্রিয় পোষ্যকে ঘিরে মহুয়া-জয়ের বিবাদ এবার হাই কোর্টের দরজায়র
ডিজিটাল ডেস্কঃ রাজনীতির ময়দান ছাড়িয়ে এবার ব্যক্তিগত আবেগ আর পোষ্যের অধিকার নিয়ে আইনি লড়াই পৌঁছাল উচ্চ আদালতে (High Court)। প্রিয় রটউইলার (Rottweiler) প্রজাতির কুকুর ‘হেনরি’-র হেফাজত (Custody) পেতে প্রাক্তন বন্ধু তথা আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
তৃণমূল সাংসদের দাবি, হেনরি আসলে জয়ের দেওয়া একটি উপহার (Gift) ছিল। যদিও জয় এটি কিনেছিলেন, কিন্তু তার যাবতীয় দেখভাল ও প্রতিপালন মহুয়াই করতেন। শুধুমাত্র অর্থ দিয়ে কেনা হয়েছে বলেই মালিকানা (Ownership) জয়ের হতে পারে না—এই যুক্তি নিয়ে আদালতের দরজায় কড়া নেড়েছেন কৃষ্ণনগরের সাংসদ। এর আগে দিল্লির সাকেত কোর্ট (Saket Court) মহুয়ার অন্তর্বর্তীকালীন আর্জি খারিজ করে দিয়েছিল, যেখানে তিনি মাসে অন্তত ১০ দিন হেনরিকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। নিম্ন আদালতের সেই একতরফা রায়কে চ্যালেঞ্জ (Challenge) জানিয়েই এবার উচ্চ আদালতে পিটিশন (Petition) দাখিল করেছেন তিনি।
মহুয়ার পক্ষে ধ্রুব মালিক, কীর্তি রাজসহ মোট চারজন আইনজীবী মামলাটি লড়ছেন। অন্যদিকে, জয় অনন্ত দেহদ্রাই নিজে উপস্থিত থেকে মহুয়ার আর্জির বিরোধিতা করেন। জয়ের দাবি, পোষ্যকে নিয়ে এই বিবাদ আসলে তাঁদের বৃহত্তর রাজনৈতিক বিরোধের (Political conflict) একটি অংশ মাত্র। প্রসঙ্গত, এই জয়ই মহুয়ার বিরুদ্ধে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন (Cash for query) করার অভিযোগ তুলেছিলেন, যার জেরে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার (Expulsion) করা হয়।
বিচারপতি মনোজ কুমার ওহরির এজলাসে এই মামলার শুনানি চলাকালীন আদালত সব পক্ষকে নোটিস (Notice) পাঠিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এখন দেখার, দিল্লির উচ্চ আদালত প্রিয় ‘হেনরি’-র ভবিষ্যৎ কার হাতে সঁপে দেয়।
