চাকরি বাতিল মামলায় গতি, ২৮ এপ্রিল শুনানির দিন ঘোষণা হাই কোর্টের
Connect with us

হাই কোর্ট

চাকরি বাতিল মামলায় গতি, ২৮ এপ্রিল শুনানির দিন ঘোষণা হাই কোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রাথমিক শিক্ষকদের ৩২ হাজার নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার শুনানির নতুন দিন ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। আগেই ব্যক্তিগত কারণে বিচারপতি সৌমেন সেন মামলার দায় থেকে সরে দাঁড়ানোয় থমকে গিয়েছিল বিচারপ্রক্রিয়া। অবশেষে প্রধান বিচারপতির নির্দেশে ফের গতি পেল মামলাটি।

আসছে সোমবার, ২৮ এপ্রিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে এই বহুচর্চিত মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর। ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিয়োগ হয়েছিল। সেই নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে দায়ের হয় একাধিক মামলা। ২০২৩ সালের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এক ধাক্কায় ৩২ হাজার নিয়োগ বাতিল হয়ে যায়। পরে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে। সেই আপিলেরই শুনানি এবার নতুন করে শুরু হতে চলেছে।

আরও পড়ুনঃ আজ যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ! SSC ভবনের সামনে অবস্থান

প্রাথমিক পর্যায়ে শুনানির দায়িত্বে ছিলেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে। তবে বিচারপতি সেন মামলাটি থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায়। এরপরই মামলাকারীদের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন জানান। শেষ পর্যন্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপে তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি হস্তান্তরিত হয়।

Advertisement
ads

উল্লেখ্য, একই বিষয়ে বিচারপতি অমৃতা সিংহ ৪২ হাজার নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ফলে দুই মামলাই এখন আইনি জটের মধ্যে আটকে। প্রাথমিক নিয়োগে অনিয়ম সংক্রান্ত এই মামলাগুলি শুধুমাত্র হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যতের নির্ণায়ক নয়, বরং রাজ্যের প্রশাসনিক বিশ্বাসযোগ্যতাকেও বড়সড় পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।