উত্তর দিনাজপুর
কালিয়াগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত বৃদ্ধ
কালিয়াগঞ্জ, ১৮ জুন : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রেলে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধর। পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম সঞ্জীব চৌহান(৬০)। তাঁর বাড়ি কালিয়াগঞ্জের নতুন পাড়া এলাকায়।
পেশায় ছিলেন মুদি ব্যবসায়ী। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি স্টেশনে রেল লাইন পার হচ্ছিলেন৷ সেইসময় আচমকা তাঁর সামনে চলে আসে রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন। কিছু বুঝে ওঠার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়৷ ঘটনার সময় বহু যাত্রী ট্রেনে উঠার অপেক্ষায় ছিলেন। আকস্মিক এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল ও কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
