ভোটের খবর
শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর ওপর হামলা। দুষ্কৃতিরা প্রার্থীর দিকে লাঠি, বাঁশ নিয়ে তেড়ে যায় বলে অভিযোগ
নিউজ ডেস্ক , ০৬ এপ্রিল : শ্যামপুরে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন বুথ পরিদর্শনে গিয়ে ছাপ্পা ভোট হওয়ার অভিযোগ তুলতেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী।মঙ্গলবার সকালে ভোট চলাকালীন বুথ পরিদর্শনে বের হন বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী।
অভিযোগ, শ্যামপুরে ৬৭ নম্বর বুথে শাশুড়ির হয়ে ভোট দিয়ে দিয়েছেন বৌমা। এই ঘটনা জানার পরই ওই বুথে যান বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের দাবি, “শাশুড়ি আসলে চোখে দেখতে পান না, তাই বলে তাঁর হয়ে বউমাকে ভোট দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।” তবে এই যুক্তি আদৌ তনুশ্রীর কাছে ধোপে টেকেনি! অতঃপর অনিয়মের অভিযোগ তুলে তুমুল বচসায় জড়ান তিনি। তখনই আচমকা একদল দুষ্কৃতী লাঠি, বাঁশ নিয়ে তেড়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বুথ থেকে কোনওরকমে বের হয়ে আসেন প্রার্থী।বিক্ষোভের এই ঘটনায়, বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। তাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছে করে ওই হামলা করেছে। শাসক শিবিরের পাল্টা দাবি, এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নেই। বিজেপির বিরুদ্ধে গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছে। এই হামলার বিরুদ্ধে অতি সত্বর নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে গেরুয়া শিবির।
