ভোট আসে ভোট যায়, সংস্কারের অভাবে বেহাল দশা এলাকার একমাত্র শ্মশানঘাটের
Connect with us

উত্তর দিনাজপুর

ভোট আসে ভোট যায়, সংস্কারের অভাবে বেহাল দশা এলাকার একমাত্র শ্মশানঘাটের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২১ মার্চ : সংস্কারের অভাবে বেহাল দশা ইটাহার থানার মারনাই অঞ্চলের শ্মশানঘাটের। এলাকাবাসীদের অভিযোগ, মারনাই গ্রাম সহ অন্যান্য গ্রামের বাসিন্দাদের একমাত্র ভরসা সুই নদীর পার্শ্ববর্তী এই শ্মশানঘাট। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল অবস্থা এই শ্মশানঘাটের। অবিলম্বে ওই শ্মশানঘাটের সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।

উল্লেখ্য, ভোট আসে ভোট যায়, সমস্যার সমাধান হয় না এলাকাবাসীদের। গ্রামের একমাত্র শ্মশানঘাটের উন্নতি হয় না। ফলে বেহাল অবস্থা ইটাহার থানার মারনাই অঞ্চলের শ্মশানঘাটের। এর আগে বহুবার প্রতিশ্রুতি মিলেছে শ্মশানঘাট সংস্কারের। গ্রামবাসীরা একাধিক জায়গায় দরবার করেছেন শ্মশানঘাট সংস্কারের, কিন্তু সুরাহা হয়নি।মারনাই গ্রামের বাসিন্দা অক্ষয় পাল বলেন, মারনাই গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের এক মাত্র ভরসা মারনাই গ্রামের সংলগ্ন সুঁই নদীর পাড়ে অবস্থিত মারনাই শ্মশানঘাট। দীর্ঘ যাবত জরাজীর্ণ, না আছে শ্মশানঘাটের চুল্লি, না আছে শ্মশান যাত্রীদের প্রতিক্ষালয়, না আছে বিদ্যুৎ সংযোগ। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পরে রয়েছে শ্মশানঘাটের চালা সহ ছোট একটি পাকা ঘর। দীর্ঘদিন যাবৎ এমন বেহাল অবস্থা হয়ে থাকলেও সংস্কার করা হয় না শ্মশানঘাটের। ভোট আসে আর ভোট যায় শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলে না রাজনৈতিক দলগুলির কাছ থেকে। তাই সারাবছর ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে রাতের অন্ধকারে মৃতদেহ দাহ করতে হয় এলাকার সাধারণ মানুষকে। তবে সামনেই বিধানসভা নির্বাচন, অবিলম্বে ওই শ্মশানঘাটের সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।