মালদা
নির্বাচনের প্রাক্কালে উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রীয় করলো জেলা বম্ব ডিসপোজাল ইউনিট
নিজস্ব সংবাদদাতা , হরিশচন্দ্রপুর , ১৮ মার্চ : আমবাগান থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়াল হরিশচন্দ্রপুরে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামে। এদিন সকালে গ্রামের একটি আম বাগানে চারটি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড ও জেলার বম্ব ডিসপোজাল ইউনিটকেও। প্রায় দুঘন্টা পরে বম্ব ডিসপোজাল ইউনিট এসে উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে ৪টি বোমা উদ্ধার করে। খবর পেয়ে জেলা বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে ওই বোমাগুলিকে নিষ্ক্রীয় করে। কোথা থেকে ওই বোমাগুলি সেখানে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।বিধানসভা নির্বাচনের আগে এলাকায় বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে ভুগছে স্থানীয় বাসিন্দারা।অন্যদিকে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই বোমা উদ্ধারের ঘটনা ঘিরে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন। তার অভিযোগ নির্বাচনের প্রাক্কালে এলাকায় অশান্তি পাকাতে বিজেপি শাসিত রাজ্য ঝাড়খন্ড-বিহার থেকে বিজেপির নেতারা মালদাতে সমাজবিরোধী ভাড়া করে নিয়ে আসছে। আর সঙ্গে সঙ্গে প্রচুর অস্ত্র মজুদ করছেন তারা। পুলিশি হস্তক্ষেপে নির্বাচন কমিশন সক্রিয় ভাবে এই অপরাধ বন্ধের দাবী জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি নেতা অজয় গাঙ্গুলী বলেন, মালদা জেলা এখন বারুদের স্তুপের উপর বাস করছে। বিভিন্ন জায়গায় শাসকদলের গুন্ডারা বোমা অস্ত্রশস্ত্র মজুদ করছে নির্বাচনে অশান্তি পাকাবার জন্য।কড়া হাতে এগুলো দমন করার জন্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কাছে আবেদন জানান বিজেপি নেতৃত্ব।
