প্রার্থী অপছন্দ বিজেপি কর্মীদের, প্রতিবাদে ভাঙচুর করে অগ্নিসংযোগ কার্যালয়ের আসবাবপত্রে
Connect with us

মালদা

প্রার্থী অপছন্দ বিজেপি কর্মীদের, প্রতিবাদে ভাঙচুর করে অগ্নিসংযোগ কার্যালয়ের আসবাবপত্রে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা,  মানিকচক, ১৯ মার্চ :মানিকচক বিধানসভা আসনে মনোনীত বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মণ্ডলের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করল স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

বৃহস্পতিবার রাতে মানিকচকের বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে বিজেপির পশ্চিমবঙ্গের বাকি থাকা বিধানসভা আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তের আসনগুলির পাশাপাশি ঘোষণা করা হয় মালদা জেলার বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নাম। মালদার বিভিন্ন আসনের সঙ্গে মানিকচকের বিধানসভা আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডলের নাম। আর এতেই ক্ষোভ ছড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বদের মধ্যে। মানিকচকের বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। এমনকি আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়। তাদের অভিযোগ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল টাকা নিয়ে গৌড় চন্দ্র মন্ডলকে মানিকচকের বিজেপি প্রার্থী করেছে। প্রার্থী বদল না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা। এই কেন্দ্রে ভিন্ন প্রার্থীর নাম ঘোষণা করার দাবী তুলেছেন তারা। বিজেপি নেতা অনিল মন্ডল অভিযোগ করে বলেন ; আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করে এসেছি। কিন্তু মানিকচক বিধানসভার বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডলকে। যা মেনে নিতে পারছি না। এদিন আরো অভিযোগ করে বলেন, জেলা নেতৃত্ব বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে প্রার্থীপদ বিক্রি করেছে। এই আর্থিক নেলদেনের পেছনে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ও জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলও যুক্ত আছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। যদি বিজেপির দলীয় নেতৃত্ব প্রার্থী বদল না করে মানিকচক বিধানসভায় তাহলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার হুঁশিয়ার দেন বিক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা। যদিও পরবর্তীতে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।