রায়গঞ্জ
উত্তর দিনাজপুর জেলায় কিষান সুরক্ষা যাত্রা বিজেপির
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৮ জানুয়ারী : কেন্দ্রীয় সরকারের কৃষকদের স্বার্থে প্রনয়ণ করা কৃষি আইনের সমর্থনে ও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কৃষক সন্মান নিধি চালু না করার প্রতিবাদে এবং সোনার বাংলা গড়ার শপথ নিয়ে” কিষান সুরক্ষা যাত্রা ” শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
সোমবার রায়গঞ্জের রূপাহার থেকে বিজেপির এই কিষান সুরক্ষা যাত্রা পরিভ্রমন শুরু হয়ে বিভিন্ন গ্রাম ও রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। উত্তর দিনাজপুর জেলায় বিজেপির এই কিষান যাত্রার শুভ উদ্বোধন করেন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। উল্লেখ্য বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে যেখানে দেশজুড়ে তীব্র আন্দোলনে নেমেছেন দেশের কৃষকেরা৷ কৃষকদের এই আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। ঠিক সেই সময় কৃষি আইনের সমর্থনে কিষান সুরক্ষা যাত্রার সূচনা করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এরাজ্যের শাসক দল ও সরকার কৃষকদের কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে ভূল বোঝাচ্ছে৷ কৃষকেরা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পান, কোনওমতেই যাতে দেশের কৃষকেরা ক্ষতিগ্রস্ত না হন সেই লক্ষ্যেই কৃষকদের আয় উন্নতি বৃদ্ধি ঘটাতে কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রনয়ণ করেছেন.। অন্যদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অরিন্দম সরকার বলেন, ” বিজেপির মতো নির্লজ্জ দলই একথা বলতে পারে। সর্বনাশা কৃষি আইন প্রত্যাহারের দাবীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে দিল্লীতে কৃষকেরা আন্দোলন করছেন। আর বিজেপি সরকার কৃষকদের স্বার্থ জলাঞ্জলী দিয়ে পুঁজিপতিদের স্বার্থ সুরক্ষিত করছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই বিজেপির মুখে কৃষক সুরক্ষার কথা বেমানান।
