রায়গঞ্জ
সামনেই বিধানসভা নির্বাচন, উত্তর দিনাজপুরে ভোটার সংখ্যা কত, জেনে নিন
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৫ জানুয়ারী : সোমবার উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে পালিত হল জাতীয় ভোটার দিবস। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নতুন ভোটারদের হাতে নতুন ইপিক কার্ড তুলে দেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা।
সোমবার উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে পালিত হল জাতীয় ভোটার দিবস। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নতুন ভোটারদের হাতে নতুন ইপিক কার্ড তুলে দেওয়া হয়। জানা গেছে, ১৫ ই জানুয়ারি প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী উত্তর দিনাজপুরের মোট ভোটার ২১ লক্ষ ৫৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ১১ লক্ষ ১৩ হাজার ৬৯০ জন। মহিলা ভোটারের সংখ্যা ১০ লক্ষ ৩৯ হাজার ৮৯৫। তৃতীয় লিঙ্গের ভোটার ৯১ জন। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গেছে গত বছরের তুলনায় এবারে ভোটার বেড়েছে ৩৮ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৮৬৩৷ মহিলার ভোটার বেড়েছে ১৮ হাজার ৮৪৩ জন। এছাড়াও তৃতীয়লিঙ্গের ভোটার বেড়ে হয়েছে ২১ জন। পাশাপাশি এদিনই নির্বাচন কমিশন প্রকাশ করেছে ই-ইপিক প্রকল্প। দুটি ধাপে ডিজিটাল ইপিক দেওয়া হবে। প্রথম দফাটি চলবে ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। যারা ভোটার কার্ডের জন্য এই প্রথমবার আবেদন করেছেন তারা মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোবাইল নম্বরটি।

নিজস্ব চিত্র
অন্যদিকে ১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের জিডিটাল ভোটার কার্ড দেওয়ার শুরু হবে। যাদের ই-ইপিক নেই তাঁরা এই সময়ে আবেদন করতে পারবেন। যাঁরা ভোটার আইডি তৈরির সময়ে ইতিমধ্যেই মোবাইল নম্বর দিয়েছেন তারা ডিজিটাল কার্ড পেয়ে যাবেন। এই কার্ড দেওয়া থাকবে একটি কিউ আর কোড, ছবি, সিরিয়াল নম্বর ও পার্ট নম্বর। পাশাপাশি এটি মোবাইলে সেভ করে রাখা যাবে। জেলা শাসক অরবিন্দ কুমার মীনা বলেন, দেশের নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিবছরের মতো এবারেও জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে৷ এই উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও ভোটদানে উৎসাহ বাড়াতে একটি ট্যাবলোর উদ্ধোধন করা হয়েছে। সেটি জেলার বিভিন্ন প্রান্তে পরিক্রমা করবে। ভোটার তালিকায় জীবনে প্রথম নাম ওঠা ভোটারদের হাতে নতুন ইপিক কার্ড তুলে দেওয়া হয়।
