খুন
আমেরিকা ফেরাল আনমোল বিষ্ণোই–সহ ২০০ ভারতীয়, সিদ্দিকি হত্যাকাণ্ডে বড় অগ্রগতি
ডিজিটাল ডেস্কঃ লরেন্স বিষ্ণোইয়ের ভাই, কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণোই (Anmol Bishnoi)–কে অবশেষে ভারতে ফেরত পাঠাল আমেরিকা (USA)। অবৈধ অনুপ্রবেশের (Illegal Entry) অভিযোগে মঙ্গলবার ২০০ জন ভারতীয়কে ডিপোর্ট করেছে মার্কিন কর্তৃপক্ষ। সেই তালিকাতেই ছিলেন মোস্ট ওয়ান্টেড আনমোলসহ আরও দুই অপরাধী। এই বিশেষ বিমানের বুধবার সকাল ১০টায় দিল্লিতে অবতরণের কথা।
জাতীয় তদন্তকারী সংস্থা NIA (National Investigation Agency) ইতিমধ্যেই আনমোলকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছে। তাঁর নামে রয়েছে কমপক্ষে ১৮টি গুরুতর মামলা—
-
বাবা সিদ্দিকি (Baba Siddique) হত্যাকাণ্ড
-
সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি
-
সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) হত্যা
তদন্তে জানা যায়, চলতি বছরের শুরুতেই মার্কিন গোয়েন্দারা তাঁকে আলাস্কায় (Alaska) গ্রেপ্তার করেন। তিনি বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন।
এই প্রত্যার্পণের তথ্য প্রকাশ্যে আনেন বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি (Zeeshan Siddique)। তাঁর দাবি—“১৮ নভেম্বর আনমোলকে ভারতে পাঠানো হবে বলে আমরা নোটিফিকেশন পেয়েছি। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে অনুরোধ—তাকে মুম্বই এনে জিজ্ঞাসাবাদ করা হোক।”
এদিকে মামলার আরেক অভিযুক্ত, আনমোলের ঘনিষ্ঠ সহযোগী জিশান আখতার (Zeeshan Akhtar) এখনও কানাডায় রয়েছেন। এবং এবার তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক দাবি করেছেন—
“বাবা সিদ্দিকিকে ভ্রাতৃত্বের জন্যই খুন করেছি। টাকার জন্য নয়। লরেন্সের লোককে পুলিশ হেফাজতে মেরে ফেলেছিল, তাই প্রতিশোধ হিসেবে আমরা খুন করেছি।”
তিনি আরও বলেন,
“আমি ভারতে ফিরব না। আমাকে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে। এবার আরও অপরাধ করব।”
২০২৩ সালের ১২ অক্টোবর দশেরা উৎসবের রাতে মুম্বইয়ে সিদ্দিকি হত্যায় উত্তাল হয়েছিল রাজ্য। তদন্তে উঠে আসে লরেন্স গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততা এবং আনমোল–জিশানের পরিকল্পনা।


