আত্মহত্যা
মহিলা বিএলওর মৃত্যু: এসআইআর কাজের চাপেই আত্মঘাতী অভিযোগ পরিবারের
ডিজিটাল ডেস্কঃ এসআইআর বা Special Intensive Revision (SIR)–এর কাজের চাপে আবারও মৃত্যু-অভিযোগে সরগরম রাজ্য। নতুন অভিযোগ উঠল মালবাজার (Malbazar) থেকে। বুধবার সকালে নিজের বাড়ির উঠোন থেকে উদ্ধার করা হয় মহিলা বিএলও (BLO) শান্তিমণি এক্কার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি—এসআইআরের প্রবল চাপ ও অবসাদই তাঁকে আত্মহত্যায় (Suicide) বাধ্য করেছে।
জানা গিয়েছে, শান্তিমণি এক্কা মালবাজারের রাঙামাটি পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। সম্প্রতি তাঁকে দেওয়া হয়েছিল SIR-এর দায়িত্ব। বিএলও হওয়ায় বাড়ি-বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, সংগ্রহ করা এবং তথ্য যাচাইয়ের মতো কঠিন কাজ তাঁকে নিয়মিত করতে হচ্ছিল। অফিসের কাজ শেষ করেও রাতে এই অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে মানসিক চাপ বাড়ছিল বলে পরিবারের দাবি।
বুধবার সকালে উঠোনে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনাটি শোনার পর মৃতার বাড়িতে পৌঁছন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক (Buluchik Baraik)। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন।
পরিবারের বক্তব্য, শান্তিমণি সাম্প্রতিক সময়ে চরম মানসিক চাপে (Mental Stress) ছিলেন। দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই অবসাদে ভুগছেন—এমন অভিযোগও এলাকায় শোনা যাচ্ছে। রাজ্যজুড়ে SIR নিয়ে চাপজনিত মৃত্যুর ঘটনা নতুন নয়; এর আগেও একাধিক বিএলওর মৃত্যুর অভিযোগ সামনে এসেছে।
এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে—এসআইআরের কাজের ধরন কি বিএলওদের উপর অমানবিক চাপ সৃষ্টি করছে?


