রায়গঞ্জ
রায়গঞ্জে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন – সরকারি প্রকল্প ও অভিযোগ তদারকিতে বড় পদক্ষেপ
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ে (DM Office) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম (Integrated Control Room)। উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার মাননীয় জেলাশাসক। উপস্থিত ছিলেন জেলার সকল অতিরিক্ত জেলাশাসক (ADM), মহকুমা শাসক (SDO), রায়গঞ্জ সহ জেলার সকল লাইন ডিপার্টমেন্টের (Line Department) আধিকারিকরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের মাধ্যমে এখন থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হবে মুখ্যমন্ত্রী ঘোষিত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন— আমাদের পাড়া, আমাদের সমাধান, বাংলার বাড়ি, পথশ্রী, দুয়ারে সরকার, কর্মশ্রী ইত্যাদি। পাশাপাশি, জেলার নাগরিকদের যেকোনও অভিযোগ এখানেই জমা নেওয়া হবে এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং নিষ্পত্তির অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দেবে। পুরো প্রক্রিয়ার ওপর নিয়মিত নজরদারি চালাবে জেলা প্রশাসন, যাতে দ্রুত ও কার্যকরী সমাধান নিশ্চিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বরও জানানো হয়েছে— ০৩৫২৩-২৪৬৪০৫।
প্রশাসনের আশা, এই নতুন কন্ট্রোল রুম চালু হওয়ার ফলে সরকারি প্রকল্প বাস্তবায়ন ও জনসেবামূলক কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং নাগরিকদের অভিযোগ নিষ্পত্তি হবে দ্রুত ও স্বচ্ছভাবে।
