ধর্ম
পাকিস্তানে মন্দিরের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ হিন্দুদের
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের সিন্ধ প্রদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় অধিকারের হরণ। অভিযোগ উঠেছে, হায়দরাবাদ (Hyderabad) শহরের কাছাকাছি একটি প্রাচীন হিন্দু মন্দিরের প্রায় ছয় একর জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণকাজ শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন। করাচি (Karachi) থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরের মুসা খতিয়ান জেলার তান্দোজাম (Tandojam) শহরে আয়োজিত প্রতিবাদসভায় ব্যাপক জমায়েত দেখা যায়।
প্রতিবাদকারীদের অন্যতম, শীতল মেঘওয়ার (Sheetal Meghwar) বলেন, “আমাদের মন্দিরের জমি জোর করে দখল করা হচ্ছে। তার উপর সেখানে রাতারাতি নির্মাণকাজ শুরু হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনও সুরাহা মেলেনি।” একই অভিযোগ তুলেছেন রামসুন্দর (Ramsundar) নামে আরেক বিক্ষোভকারী। তাঁর কথায়, “শিব মন্দিরের চারপাশ ঘিরে এখন চলছে অবৈধ নির্মাণ। এমনকি মন্দিরে প্রবেশের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা স্পষ্টতই ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ।”
আরও পড়ুনঃ সম্মান রক্ষার নামে গুলি! পাকিস্তানে খুন ১৭ বছরের জনপ্রিয় ইউটিউবার সানা ইউসুফ
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদকারীরা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, এই জমি বহুদিন ধরেই মন্দিরের অধীনস্থ এবং তা দখলের ঘটনা ধর্মীয় নিপীড়নের সমান। পাকিস্তান দলিত ইত্তেহাদ (Pakistan Dalit Ittehad)-এর সভাপতি শিবা কাচি (Shiva Kachhi) বলেন, “আমরা একাধিকবার লিখিত অভিযোগ জমা দিয়েছি। কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ দেখা যায়নি। আমাদের উদ্বেগ কেউ শুনছে না।”
বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
