ধর্ম
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটল, রেড রোডেই হবে ঈদের প্রধান নামাজ
ডিজিটাল ডেস্কঃ প্রত্যেক বছরের মতো এবারও কলকাতার ঐতিহাসিক রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হতে চলেছে ঈদ-উল-জোহা (7-8 জুন) উপলক্ষে প্রধান ঈদের নামাজ (Eid prayers)। যদিও চলতি বছর রেড রোডে ঈদের নামাজ ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরাসরি হস্তক্ষেপে সেই জট দ্রুতই কাটিয়ে ফেলা সম্ভব হয়েছে।
এই বিষয়ে খিলাফত কমিটির সভাপতি ও রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান (Javed Ahmed Khan) সংবাদমাধ্যমকে জানান, “এবার একটি টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। সেনার তরফে নামাজের জমায়েতের অনুমতি বাতিল করা হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং আমাদের মাধ্যমে সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। শেষে সব সমস্যার সমাধান হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৮:৩০টায় রেড রোডেই হবে ঈদের নামাজ।”
আরও পড়ুনঃ ‘সরকারে বলে কিছু করতে পারছি না’— থানার পুলিশকে হুমায়ুনের প্রকাশ্য হুমকি
প্রসঙ্গত, রেড রোড তথা ইন্দিরা গান্ধি সরণিতে (Indira Gandhi Sarani) প্রতি বছর রাজ্যের বৃহত্তম ঈদের জমায়েত হয়ে থাকে। তবে এবার সেনার তরফে অনুমতি না দেওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়। খিলাফত কমিটিকে সেনার এক কর্তা লিখিতভাবে জানিয়েছিলেন, এ বছর অনুমতি প্রদান সম্ভব নয়।
এরপরই খিলাফত কমিটির তরফে জরুরি বৈঠক ডাকা হয় রবিবার সন্ধ্যায়, জাকারিয়া স্ট্রিটের ৮ নম্বর অফিসে। বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি জাভেদ আহমেদ খান (Javed Ahmed Khan), সাধারণ সম্পাদক নাসির আহমেদ (Nasir Ahmed), সদস্য মুহাম্মদ খলিল (Mohammad Khalil), ইরফান আলি তাজ (Irfan Ali Taj), ইসহাক মল্লিক (Ishaq Mallik) এবং মোমতাজ খান (Mumtaz Khan) প্রমুখ।
বৈঠক থেকে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে এবং সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করে সেনার সঙ্গে আলোচনার পথ সুগম করেন। তাঁর হস্তক্ষেপেই সমস্যার নিষ্পত্তি ঘটে এবং রেড রোডে ঈদের নামাজের অনুমতি ফেরত আসে।
রাজ্য সরকারের এই সক্রিয় ভূমিকা খুশি মুসলিম সমাজের প্রতিনিধিদের একাংশ। তাঁরা জানিয়েছেন, সরকারের হস্তক্ষেপ না থাকলে এত দ্রুত সমাধান সম্ভব ছিল না।
