ধর্ম
নিয়ম না মানলে মুসলিম দেশে যান’! হুমায়ুনের কুরবানি-মন্তব্যে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ডিজিটাল ডেস্কঃ বকরি ঈদকে (Bakri Eid) সামনে রেখে প্রকাশ্যে কুরবানি (Qurbani) ও পশুবলি (Animal Sacrifice) নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। নওদার আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) মন্তব্যের জবাবে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
সম্প্রতি নতুন বিজেপি (BJP) সরকার আদালতের অনুমোদন সাপেক্ষে প্রকাশ্যে পশুবলি ও কুরবানি নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি করেছে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হুমায়ুন কবীর দাবি করেন, কুরবানি মুসলিম ধর্মাচরণের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি রাতারাতি বন্ধ করা যায় না। তাঁর বক্তব্য, “যদি কুরবানি বন্ধ করতে হয়, তাহলে সমস্ত কসাইখানাও বন্ধ করা উচিত।”
এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় অগ্নিমিত্রা পাল এক সাক্ষাৎকারে বলেন, “বাংলায় থাকতে হলে এখানকার নিয়ম মেনে চলতে হবে। যদি কেউ তা মানতে না চান, তাহলে অন্য কোথাও বা মুসলিম দেশে চলে যেতে পারেন। ভারতে থাকতে হলে দেশের আইনই মানতে হবে।”
এদিকে মাদ্রাসায় (Madrasa) ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করা এবং খোলা স্থানে কোরবানি নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ, সরকার ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। যদিও বিজেপির দাবি, আইন সবার জন্য সমান এবং প্রশাসনিক নিয়ম মেনেই সব ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে।
রাজনৈতিক মহলের মতে, বকরি ঈদের আগে এই বিতর্ক আগামী দিনে আরও বড় রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে।


