উত্তর দিনাজপুর
তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ ঘোষণা: রাজ্যজুড়ে নতুন সভাপতি ও চেয়ারপার্সন
ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে তৃণমূল কংগ্রেস (TMC) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল দলের সাংগঠনিক রদবদল। শুক্রবার শাসকদলের তরফে প্রকাশ করা হল একাধিক জেলার সভাপতি, চেয়ারপার্সন ও কোর কমিটির নতুন তালিকা। বীরভূম (Birbhum) ও উত্তর কলকাতা (North Kolkata) জেলায় আর আলাদা করে জেলা সভাপতি থাকছে না। পরিবর্তে গঠিত হয়েছে কোর কমিটি।
বীরভূমে ৭ সদস্যের এই কোর কমিটিতে স্থান পেয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তবে এবার তাঁর আর কোনও নির্দিষ্ট পদ থাকছে না— তিনি থাকবেন শুধুই কোর কমিটির সদস্য হিসাবে। অপরদিকে, উত্তর কলকাতায় গঠন হয়েছে ৯ সদস্যের কোর কমিটি, যেখানে মূলত এলাকার বিধায়করা রয়েছেন নেতৃত্বে।
শুধু এই দুই জেলা নয়, রাজ্যের আরও বহু জেলাতেই সভাপতির পদে এসেছে পরিবর্তন। নতুন করে ঘোষণা করা হয়েছে বিভিন্ন জেলার চেয়ারপার্সনদের নামও। দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জেলাকে এবার বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব ভাগ করা হয়েছে।
তৃণমূল নেতৃত্ব মনে করছে, এই সাংগঠনিক রদবদলের মাধ্যমে দল গোটা রাজ্যজুড়ে আরও শক্তিশালী হবে। বিশেষত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে এবং আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই পরিবর্তনকে কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তৃণমূলের অভিমত, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা-নেত্রীরা সরাসরি মাঠে নেমে দলের সঙ্গে মাটির মানুষকে যুক্ত করতে পারবেন আরও কার্যকরভাবে। জনসংযোগ ও সাংগঠনিক মজবুতির দিক থেকে এই রদবদল ভবিষ্যতের নির্বাচনী লড়াইয়ে দলের জন্য সহায়ক হবে বলেই মত দলের শীর্ষ মহলের।
