আবহাওয়া
তাপপ্রবাহে জ্বলছে বাংলা, রবিবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত
ডিজিটাল ডেস্কঃ গ্রীষ্মের মধ্যভাগে পৌঁছে ফের তাপপ্রবাহে পুড়ছে বঙ্গ। শনিবার দুপুর নাগাদ রাজ্যের অন্তত সাতটি জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। কলকাতাও নিস্তার পায়নি গরমের গ্রাস থেকে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে এই খরতাপের দাপট। তবে স্বস্তির খবরও আছে। রবিবার থেকে আবহাওয়ার রূপরেখায় বদল ঘটতে পারে। রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে কালবৈশাখী।
শুক্রবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি বেশি। শনিবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে পৌঁছনোর সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও রয়েছে ৮৯ শতাংশ পর্যন্ত, যার জেরে গরমের অস্বস্তি বেড়েছে কয়েক গুণ।
তাপপ্রবাহ কোন জেলাগুলিতে?
শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও মালদার মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকার আশঙ্কা।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
তীব্র গরমের মধ্যেই উত্তরের জেলাগুলিতে মিলতে পারে বৃষ্টির স্বস্তি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
কলকাতায় গরমের কামড়
রাজধানী শহরে আপাতত বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। শনিবারও চড়া রোদ, ভ্যাপসা গরম এবং অতিরিক্ত আর্দ্রতার সম্মিলনে নাগরিকদের কষ্ট অব্যাহত থাকবে। রবিবারের দিকে তাকিয়ে রাজ্যবাসী, কবে বয়ে আসবে স্বস্তির কালবৈশাখী?
