আবহাওয়া
দিল্লির বিষাক্ত বাতাসে আশার বার্তা! বায়ুদূষণ মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত চিন
ডিজিটাল ডেস্কঃ দূষণে জর্জরিত রাজধানী দিল্লির (Delhi) জন্য আশার বার্তা এল প্রতিবেশী রাষ্ট্র চিন (China) থেকে। প্রতিদিনই আতঙ্কজনক মাত্রা ছুঁচ্ছে বায়ুমান সূচক (Air Quality Index – AQI)। এই গুরুতর পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বেজিং (Beijing)। সোমবার চিনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বায়ুদূষণ (Air Pollution) মোকাবিলায় তারা কী কী কার্যকর পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত পরামর্শের তালিকা শীঘ্রই ভারতের সঙ্গে ভাগ করে নেবে।
চিন জানিয়েছে, নিজেদের দেশে যে পথ অনুসরণ করে তারা দূষণ নিয়ন্ত্রণে সাফল্য পেয়েছে, সেই অভিজ্ঞতাই ভারতের সঙ্গে শেয়ার করা হবে। পরিবেশগত সংকট (Environmental Crisis) মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় (Social Media) একাধিক পোস্ট করে চিন এই বিষয়ে মতামত প্রকাশ করছে।
ভারতে অবস্থিত চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং (Yu Jing) এক্স (X) হ্যান্ডেলে চিন ও ভারতের বাতাসের মান তুলনা করে ছবি শেয়ার করেছেন। তিনি লেখেন, দ্রুত নগরায়নের (Rapid Urbanisation) ফলে দুই দেশই দূষণের সমস্যায় ভুগছে। তবে গত এক দশকে ধারাবাহিক প্রচেষ্টায় চিন বায়ুদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।
Both China and India know the struggle with air pollution amid rapid urbanization 🌫️📊.
🌫️➡️🌤️ While the challenge remains complex, China’s sustained efforts over the past decade have delivered noticeable improvements.
📌 In the coming days, we’ll share a bite-sized series… pic.twitter.com/0ZG4Rl8ISD
— Yu Jing (@ChinaSpox_India) December 15, 2025
ইউ জিং আরও জানান, কীভাবে চিন এই সমস্যার মোকাবিলা করেছে, তা ছোট ছোট সিরিজ (Series) আকারে প্রকাশ করা হবে। চিনের দাবি, এই কৌশলগুলির ফলেই বেজিংয়ের বর্তমান AQI নেমে এসেছে ৬৮-এ, যেখানে দিল্লির AQI ৪৪৭।
এদিকে, দিল্লির পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। চলতি বছরের সবচেয়ে খারাপ অবস্থায় AQI পৌঁছেছিল ৪৯৮-এ। তীব্র দূষণের জেরে আবারও লাগু হয়েছে ‘GRAP 3’ (Graded Response Action Plan)। এর আওতায় ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) এবং স্কুলগুলিকে হাইব্রিড মোডে (Hybrid Mode) চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অলোক দিল্লিবাসীকে সতর্ক করে বাড়িতে এয়ার পিউরিফায়ার (Air Purifier) ব্যবহার, N-95 মাস্ক পরা এবং ঘরের ভিতরে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।
