উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রসহ বৃষ্টির হুঁশিয়ারি, কোথাও কমলা কোথাও হলুদ সতর্কতা
Connect with us

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রসহ বৃষ্টির হুঁশিয়ারি, কোথাও কমলা কোথাও হলুদ সতর্কতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। সেই আবহেই রাজ্যবাসীর জন্য নতুন সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, বুধবার বিকেলের দিক থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের একাধিক এলাকায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে এর ফলে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কিছুটা কম।

আপাতত শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
ads

বিশেষ সতর্কতা:

  • বৃহস্পতিবার: উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে কমলা সতর্কতা

  • শুক্রবার: দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা

  • শনিবার: একাধিক জেলায় আবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

আবহাওয়ার এই বৈরী পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। যথাসম্ভব খোলা জায়গা এড়িয়ে ঘরে থাকার বার্তা দেওয়া হয়েছে।

Advertisement
ads