আবহাওয়া
পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আঘাত, শিলাবৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের আকাশ ফের মুখভার করতে চলেছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল পর্যন্ত কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ হতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আজ রোববার ভোরের দিকে ঝর হলেও দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকবে। সেখানে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও, দার্জিলিং, জলপাইগুড়ি ও মালদহ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার ঝড়-বৃষ্টির তেমন কোনও সতর্কতা নেই, তবে স্থানীয়ভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
আজ কলকাতায় সকাল থেকে আকাশ ছিল মূলত পরিষ্কার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। বিকেল কিংবা রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ভিনরাজ্যেও আবহাওয়া থাকবে রুক্ষ। আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপইয়তের পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও বাতিল করা যাচ্ছে না।
