দেশের খবর
পিএসএল বনাম আইপিএল: সংঘাত এড়াতে সময় বদলালো পাকিস্তান
ডিজিটাল ডেস্কঃ প্রথমবারের মতো একই সময়ে হচ্ছে বিশ্বের দুই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ—ভারতের আইপিএল ও পাকিস্তানের সুপার লিগ (পিএসএল)। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বাধ্য হয়েছে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এ বছর পিএসএলের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে আইপিএলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তানের এই লিগ। শুরুতে সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও এখন সেটি এক ঘণ্টা পিছিয়ে রাত ৮টা করা হয়েছে পাকিস্তানের স্থানীয় সময়ে। অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে পিএসএলের সিইও সলমন নাসির বলেন, “আমাদের সময় পরিবর্তন করতে হয়েছে। তবে আমরা আশাবাদী যে এতে লিগের গ্ল্যামারে বা মাঠে দর্শকের উপস্থিতিতে কোনও প্রভাব পড়বে না। প্রতি বছর এই প্রতিযোগিতা থেকে একাধিক উদীয়মান প্রতিভা উঠে আসে। এ বারও তার ব্যতিক্রম হবে না।”
আরও পড়ুনঃ বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে চাইবেন আরও ক্ষমতা, না পেলে ইস্তফার সম্ভাবনা
পাক বোর্ডের এই পিছু হটাকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষক মহল। কারণ আইপিএল ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ড। বিশ্বের প্রায় সব তারকা ক্রিকেটারই এই লিগে অংশগ্রহণ করেন। ফলে, দর্শক টানার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারত। আইপিএল-এর খেলা শুরু হয়ে গেলে, পিএসএল ম্যাচের উত্তেজনা কিছুটা হলেও কমে যাবে—এই আশঙ্কা থেকেই ম্যাচ শুরুর সময় পিছিয়েছে PCB।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাকিস্তান সুপার লিগে থাকা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কর্বিন বশ-কে মুম্বই ইন্ডিয়ান্স তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। সেই ঘটনার পর পাকিস্তানের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার আইপিএলের সমালোচনায় মুখর হন। এমন অবস্থায় আবারও ভারতের ক্রিকেট লিগের মুখ চেয়ে সিদ্ধান্ত বদল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কিছুটা আত্মঘাতী বলেই মনে করছেন ক্রীড়ামহল।
১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগের ২০২৪ সংস্করণ। দেখা যাক, সময় পিছিয়েও দর্শক আকর্ষণে কতটা সফল হয় তারা।
